
প্রশাসনিক দক্ষতা, সততা ও মানবিক কর্মকাণ্ডের অনন্য স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন উজিরপুর উপজেলার মোঃ আলী সুজা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দে তাকে এই গৌরবময় সম্মাননায় ভূষিত করা হয়।
বরিশাল জেলা প্রশাসক ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মোঃ খায়রুল আলম সুমন এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করা হয়।
অনুসন্ধানে জানা যায়, উজিরপুর উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মোঃ আলী সুজা তার সুতীক্ষ্ণ প্রশাসনিক দক্ষতা ও সততার মাধ্যমে সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে উপজেলার গ্রামীণ অবকাঠামো, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। শুধু গ্রামীণ জনপদই নয়, তার সুনিপুণ পরিকল্পনায় উজিরপুর উপজেলা পরিষদ আজ একটি আধুনিক ও দৃষ্টিনন্দন রূপ লাভ করেছে।
সরকারি বিভিন্ন অনুদান, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের সুষম বণ্টনের মাধ্যমে তিনি এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয় সাধারণ মানুষের মতে, “যোগ্য পাত্রে অন্ন দান”—এই নীতিকে ধারণ করেই তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। তার এই মানবিকতা ও নিরলস জনসেবামূলক কর্মকাণ্ড ইতোমধ্যে সুধীমহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, উজিরপুর উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরিশাল জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। এই যুগান্তকারী সাফল্যে সমগ্র উজিরপুর উপজেলাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।
এদিকে মোঃ আলী সুজা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আলতাফ হোসেন অনিক, উজিরপুর (বরিশাল): 










