
তানজিদ ইমন , স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ধারাবাহিকতায় সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত।
জানা গেছে, আগামী ৯ এপ্রিল রাজধানীতে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিট ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দও এতে অংশগ্রহণ করবেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ডাক পাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর রাজপথের ত্যাগ ও সংগ্রামেরই এক অনন্য স্বীকৃতি। এই আমন্ত্রণ আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার।
৯ এপ্রিলের এই সাক্ষাতে আমরা মূলত দেশনায়কের কাছ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা গ্রহণ করব। আমরা বিশ্বাস করি, তাঁর এই নেতৃত্ব ও দর্শনই হবে আমাদের আগামীর পথ চলার মূল শক্তি। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তাঁর সাথে কথা বলব। তিনি আরো জানান, নেতার নির্দেশিত পথে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত করে আমরা একটি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করব।
উল্লেখ্য, সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃত্বে সভাপতি হিসেবে মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আরিফ হোসাইন শান্ত নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হওয়ায় বিষয়টি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
Reporter Name 











